1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা পাচ্ছে বাংলাদেশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :

রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা পাচ্ছে বাংলাদেশ

reporter ওমর ফারুক
calendar প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ

কক্সবাজারে সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আশ্রয় কার্যক্রমে জোরদার হবে মানবিক সহায়তা

রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য বাংলাদেশকে আরও ২৫ দশমিক ২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া। সোমবার (৩ আগস্ট) অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) যৌথভাবে এ সহায়তার ঘোষণা দেয়।

এ উপলক্ষে ঢাকার পদ্মা স্টেট গেস্ট হাউসে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউএনএইচসিআরের ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুলিয়েট মুরেকেইসোনি চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা প্রদান এবং বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়ানো অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের অঙ্গীকারের অংশ হিসেবেই এ নতুন অর্থায়ন দেওয়া হচ্ছে। তিনি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

তিনি আরও জানান, এই অর্থায়ন মিয়ানমার ও বাংলাদেশে চলমান সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার তিন বছর মেয়াদি ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের মানবিক সহায়তা প্যাকেজের অংশ। ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে অস্ট্রেলিয়া এ পর্যন্ত ১ দশমিক ২৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারেরও বেশি মানবিক সহায়তা প্রদান করেছে।

নতুন এ সহায়তার মাধ্যমে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আশ্রয়, জীবিকা উন্নয়নসহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক সহায়তা অব্যাহত থাকলেও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ আরও জোরদার হওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com