ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেমরা থানাধীন ৬৯ নম্বর ওয়ার্ডের মিরপাড়া-নড়াইবাগ এলাকায় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অভিযোগে একটি গুঁড়ো পাউডার উৎপাদনকারী কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে কারখানাটি সিলগালা করা হয়।
সোমবার (৩ আগস্ট) পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মো. আল- ইমরান।
অভিযানকালে ডেমরা থানার তদন্ত পুলিশসহ অন্যান্য পুলিশ সদস্য এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল- ইমরান বলেন, পরিদর্শনের সময় তিনি দেখতে পান যে কারখানাটির উৎপাদন কার্যক্রম পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ কারণে প্রচলিত আইন অনুযায়ী কারখানাটির কার্যক্রম বন্ধের ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে এ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, অভিযানের সময় কারখানার মালিক তানভীর রায়হান উপস্থিত ছিলেন না। তাকে কারখানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি উপস্থিত হলে আইন অনুযায়ী জরিমানাসহ প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে দীর্ঘদিন ধরে কারখানাটির কারণে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকির অভিযোগ করে আসা স্থানীয় বাসিন্দারা ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। অভিযান শেষে এলাকায় স্বস্তির পরিবেশ বিরাজ করতে দেখা যায়।