1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ডিমলার কৃতি সন্তান জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বোয়ালমারীতে ব্যবসায়িক লেনদেন নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন দীঘিনালায় বন্যাদুর্গত আশ্রয়কেন্দ্রে ৭৫১ মানুষের মাঝে সেনাবাহিনীর দুপুরের খাবার বিতরণ বর্ষা ক্লাইমেট অ্যাকশন’ প্রতিপাদ্যে পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নরুন্দিতে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি  ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা ও রথমেলা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না.গঞ্জে র‍্যালি, বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাঙামাটিতে দুর্যোগকবলিত মানুষের পাশে সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এক মাস মাদক-জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা দেবেন না লালমনিরহাটের আইনজীবীরা

ডিমলার কৃতি সন্তান জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী

reporter মোঃ রায়হান পারভেজ নয়ন,ডিমলা নীলফামারী 
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ৩:২১ অপরাহ্ণ

৯ জুলাই। নীলফামারীর ডিমলা উপজেলার কৃতি সন্তান, বর্ষীয়ান রাজনীতিক ও জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী। ১৯২৪ সালের এই দিনে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। গণতন্ত্র, মানুষের অধিকার এবং জনকল্যাণমূলক রাজনীতিতে তাঁর অবদানের কারণে তিনি আজও দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম।
ছাত্রজীবন থেকেই জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন যাদু মিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মায় যুদ্ধাহতদের সেবায় অংশ নেন। ১৯৪৩ সালের দুর্ভিক্ষ ও মহামারির সময় রংপুর অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করেন। তাঁর জনসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতি বহন করে আজও একটি এলাকার নাম ‘যাদুর চর’।
১৯৪৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গার সময় সম্প্রীতি প্রতিষ্ঠায় সাহসী ভূমিকা রাখেন তিনি। দাঙ্গার ভয়াবহ চিত্র তুলে ধরে বিশেষ বুলেটিন প্রকাশ করায় ব্রিটিশ সরকারের রোষানলে পড়েন এবং গ্রেপ্তার হন। পরে বিচারে মুক্তি লাভ করেন।
রাজনৈতিক জীবনে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৫৭ সালের কাগমারী সম্মেলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং পরবর্তীতে ন্যাপের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৬২ সালে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়ে বিরোধী দলের উপনেতার দায়িত্ব পালন করেন। আইয়ুববিরোধী আন্দোলন, স্বাধিকার সংগ্রাম এবং গণতান্ত্রিক আন্দোলনে তাঁর নেতৃত্ব ছিল দৃঢ় ও সাহসী।
১৯৬৯ সালে পশ্চিম পাকিস্তানের টোবাটেক সিং কৃষক সম্মেলনে সামরিক শাসনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় তাঁকে কারাদণ্ড দেওয়া হয়। ১৯৭১ সালের ২৩ মার্চ ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক জনসভায় ন্যাপের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ এবং প্রতীকী পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
স্বাধীনতার পরও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলেন যাদু মিয়া। মওলানা ভাসানীর মৃত্যুর পর ন্যাপের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে দেশের গণতান্ত্রিক রাজনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে রাজনৈতিক সংলাপে অংশ নেন এবং বিএনপি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৭৯ সালের জাতীয় নির্বাচনে বিএনপির বিজয়ের পেছনেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
রাজনীতিতে প্রজ্ঞা, দূরদর্শিতা, সততা ও ত্যাগের জন্য তিনি সর্বমহলে সম্মানিত ছিলেন। বাম-ডান—সব রাজনৈতিক ধারার নেতাদের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত সাদাসিধে, মানবিক ও আত্মমর্যাদাবোধসম্পন্ন।
১৯৭৯ সালের ১২ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। তবে চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর রাজনৈতিক আদর্শ, গণমানুষের প্রতি দায়বদ্ধতা এবং গণতন্ত্রের জন্য আত্মত্যাগ আজও অনুপ্রেরণা হয়ে রয়েছে।
জন্মবার্ষিকী উপলক্ষে ডিমলাসহ বিভিন্ন স্থানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে স্মরণসভা, দোয়া মাহফিল, পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্টজন ও সাধারণ মানুষ জাতীয় এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
স্থানীয়দের মতে, ডিমলার গণ্ডি পেরিয়ে জাতীয় রাজনীতিতে যে কজন নেতা স্থায়ী স্থান করে নিয়েছেন, মশিউর রহমান যাদু মিয়া তাঁদের অন্যতম। তাঁর আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য আজও অনুকরণীয় হয়ে আছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com