ময়মনসিংহের হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে র্যালি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা প্রশাসনের আয়োজনে “জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” শীর্ষক এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ সাকির উল্লাহ, হালুয়াঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমেদ ও সাধারণ সম্পাদক বাচ্চু এবং হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী জুলমত। এছাড়া হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত স্কাউটের শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী এতে অংশ নেন।
র্যালি শেষে অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ময়লা পুকুরটি নিজ হাতে পরিষ্কার করেন। দীর্ঘদিন পর স্থানটি পরিচ্ছন্ন করায় এবং ডেঙ্গু প্রাদুর্ভাব হ্রাসে এমন কার্যকর উদ্যোগ নেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদসহ আয়োজকদের ভূয়সী প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের মতে, স্বাস্থ্য কমপ্লেক্সের সংলগ্ন পুকুরটি পরিষ্কার করার ফলে মশার বংশবৃদ্ধি রোধ হবে এবং এলাকায় ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমে আসবে।