আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬ সামনে রেখে নোয়াগাঁ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হোটাটিয়া, আশাপুরা, শিংবাইশ ও বারঘরিয়া গ্রামের মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন নোয়াগাঁ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুল মান্নান মিয়াজী। দলীয় ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন।
তিনি ইউনিয়ন বিএনপি যুগ্মসাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, ইউনিয়ন যুবদলের দীর্ঘ সময় সহ-সভাপতি, ৭ নং ওয়ার্ডের যুবদলের প্রায় ১৫ বছর যাবত সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। নিজের রাজনৈতিক আদর্শ সম্পর্কে আব্দুল মান্নান মিয়াজী বলেন, তিনি ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে বিশ্বাসী। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে মামলা, হয়রানি ও প্রতিকূলতার মুখোমুখি হওয়ার দাবি করে তিনি বলেন, এসব কারণে তাকে পরিবার-পরিজন থেকে দূরে থাকতে হয়েছে এবং ব্যবসা-বাণিজ্যেও ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দলের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে তিনি রাজপথে সক্রিয় ছিলেন এবং ভবিষ্যতেও দলের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাওয়ার প্রত্যয় রয়েছে।
আব্দুল মান্নান মিয়াজী বলেন, “রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। এতদিন মানুষের কল্যাণে কাজ করার সুযোগ সীমিত ছিল। এখন সময় এসেছে মানুষের পাশে দাঁড়ানোর এবং সরাসরি সেবা করার।”
তিনি আশা প্রকাশ করেন, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং ৭ নম্বর ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা তাকে মেম্বার পদে সমর্থন করবেন। নির্বাচিত হলে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনেরও প্রতিশ্রুতি দেন তিনি।ওয়ার্ডের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। রাজনৈতিক বিভাজন, হানাহানি ও স্বজনপ্রীতির পরিবর্তে তিনি দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “আমি রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রতিটি ঘরের মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে চাই। ৭ নম্বর ওয়ার্ডকে লক্ষ্মীপুর জেলার একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।”
নির্বাচিত হলে ফৌজদারি, দেওয়ানি ও পারিবারিক বিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যার শান্তিপূর্ণ সমাধানে ভূমিকা রাখার কথা জানান তিনি। পাশাপাশি হতদরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন।
তার ঘোষিত পরিকল্পনার মধ্যে রয়েছে—গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, বাল্যবিবাহ ও যৌতুকপ্রথা প্রতিরোধ, সন্ত্রাস ও সামাজিক হানাহানি কমানো এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।
আব্দুল মান্নান মিয়াজী আরও বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করা হবে। চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ ও অবক্ষয় প্রতিরোধে তিনি কাজ করতে চান।
সমাজের বয়োজ্যেষ্ঠদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
সবশেষে তিনি ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে বলেন, হিংসা, বিদ্বেষ ও অহংকার পরিহার করে পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও ঐক্যের মাধ্যমে এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।