বগুড়ার শাজাহানপুরে হেরোইন সেবনের দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর দেড়টার দিকে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার পণ্ডিতপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
ডিএনসি সূত্রে জানা যায়, শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হেরোইন সেবনের অপরাধে মো. আল আমিন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শাজাহানপুর উপজেলার বামুনিয়া মণ্ডলপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে হেরোইন সেবনের আলামত ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক সেবন, বহন ও কারবার—যে কোনো ধরনের মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও ডিএনসি সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। কোনো ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে মাদকসংক্রান্ত তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে ডিএনসিকে জানাতে তিনি সবার প্রতি আহ্বান জানান।