সুনামগঞ্জের ছাতকে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি, মারধরের চেষ্টা ও মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির অভিযোগ করেছেন এক নারী। প্রতিকার চেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুর গ্রামের বাসিন্দা মিনু বেগম (৪০)-এর সঙ্গে একই এলাকার কয়েকজনের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনায় তিনি মুনছুর মিয়া, সালমা বেগম, কমলা বেগম, সাধনা বেগম, গয়াছ, কাঞ্চন মিয়া ও ছায়মা বেগমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, বিবাদীরা মিনু বেগমের বসতবাড়ির উত্তর দিকে কয়েক শতাংশ জমি জোরপূর্বক দখল করে রাখেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে উভয় পক্ষের জমি পরিমাপ করে নিজ নিজ অংশের সীমানা পিলার দিয়ে চিহ্নিত করে দেওয়ার সিদ্ধান্ত হয়।
অভিযোগকারী জানান, গত ৪ আগস্ট দুপুর ২টার দিকে বিবাদীপক্ষের লোকজন মুরব্বিদের স্থাপন করা সীমানা পিলার তুলে ফেলেন। এ সময় তিনি বাধা দিলে বিবাদীরা তার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে মারধরের হুমকি দেন বলে অভিযোগ করেন।
মিনু বেগমের অভিযোগ, তিনি একজন রোগগ্রস্ত নারী হওয়া সত্ত্বেও বিবাদীরা বিভিন্ন সময় তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং ক্ষয়ক্ষতির হুমকি দিয়ে আসছেন। এছাড়া বিভিন্ন লোকজনের মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, বিবাদীদের এমন আচরণের কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। যেকোনো সময় তাদের জানমালের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন মিনু বেগম। এ অবস্থায় বিরোধপূর্ণ জমির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, জোরপূর্বক দখল থেকে জমি উদ্ধারের পাশাপাশি বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।