সিলেট কোম্পানীগঞ্জ ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে সাদাপাথর উত্তোলন, মজুদ ও পরিবহন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে কলাবাড়ি স্কুলের দক্ষিণ পাশে অবৈধভাবে সাদাপাথর মজুদ ও ভাঙার কাজে ব্যবহৃত তিনটি মিল শনাক্ত করা হয়। এ সময় ১ হাজার ২০০ ঘনফুট আস্ত সাদাপাথর এবং ৩ হাজার ৫০০ ঘনফুট ভাঙা পাথর জব্দ করা হয়। পাশাপাশি সাদাপাথর ভাঙার কাজে ব্যবহৃত মিলগুলো অকেজো করে দেওয়া হয়।
অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে লিলাই বাজার ঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে সাদাপাথর পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করা হয়। এ সময় ট্রাক্টর দুটিতে থাকা মোট ৩২০ ঘনফুট আস্ত সাদাপাথরও জব্দ করা হয়। ট্রাক্টরের চালকরা পালিয়ে গেলে স্থানীয়দের সহায়তায় ট্রাক্টর দুটি প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা ভূমি কর্মকর্তা পলাশ তালুকদার জানান, থানা পুলিশের সহযোগিতায় জব্দ করা দুটি ট্রাক্টর থানা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রয়েছে। মিলের মালিক ও ট্রাক্টরের মালিকদের নাম যাচাই-বাছাই করা হচ্ছে।
তিনি আরও জানান, অবৈধভাবে সাদাপাথরসহ বালু-পাথর উত্তোলন, মজুদ ও পরিবহন বন্ধে নিয়মিত অভিযান এবং আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।