তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জে বাড়ির আঙিনা থেকে নিখোঁজ হওয়ার পর পুকুরের পানি থেকে রাহাদ হোসেন রাফি নামে ১৬ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু রাহাদ হোসেন রাফি ঘোনাপাড়া গ্রামের মো. রাসেল সরকার ও রুবিনা বেগম দম্পতির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে নিজ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল শিশু রাফি। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা আশপাশে সন্ধান চালাতে থাকেন।
পরবর্তীতে বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে বাড়ির পূর্ব পাশে অবস্থিত জনৈক সেকেন্দার হোসেনের পুকুরের বাঁশের বেড়া সংলগ্ন পানিতে শিশুটির নিথর দেহ পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে জানা গেছে।
খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত পরিচালনা করেছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।