পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে বরগুনার বেতাগীতে বেড়িবাঁধ সড়কের দুপাশের আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার হোসনাবাদ এলাকার আনর জলিশা স্লুইজসংলগ্ন বেড়িবাঁধ সড়ক থেকে এ কার্যক্রমের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার, গ্রাম পুলিশ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় ইউএনও মুহ. সাদ্দাম হোসেন নিজে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে স্থানীয়দেরও এ উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, “এক হাত পরিমাণ জায়গা পরিষ্কার করুন। সবাই হাত বাড়ালে সব সম্ভব।”
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারি কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; নিজ নিজ অবস্থান থেকে সবাই সচেতনভাবে এগিয়ে এলে এলাকার পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর হয়ে উঠবে। এ ধরনের সামাজিক উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেরও আহ্বান জানান তিনি।
স্থানীয়রা জানান, বেড়িবাঁধের দুপাশে দীর্ঘদিন ধরে জমে থাকা আগাছা ও ঝোপঝাড়ের কারণে পথচারী ও স্থানীয়দের চলাচলে বিভিন্ন ধরনের অসুবিধা সৃষ্টি হচ্ছিল। এমন উদ্যোগের ফলে সড়কের পাশ পরিষ্কার হওয়ার পাশাপাশি এলাকার সৌন্দর্যও বৃদ্ধি পাবে বলে আশা করছেন তারা।
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া সংশ্লিষ্টরা জানান, “নিজের এক হাত জায়গা নিজেই পরিষ্কার করি—পরিচ্ছন্ন বেতাগী গড়ি”—এমন সামাজিক দায়িত্ববোধ সবার মধ্যে গড়ে উঠলে পুরো উপজেলাকে পরিচ্ছন্ন রাখা সম্ভব।