বরগুনার বেতাগীতে নিজ বসতঘর থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঝোপখালী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কিশোরী বেতাগী পৌর শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে রিসেপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরেন ওই কিশোরী। বাড়িতে ফিরে মাকে শরীর ভালো লাগছে না বলে জানান। পরে কিছু সময়ের জন্য মায়ের সঙ্গে বাইরে ঘুরতে যান তিনি। ঘোরাঘুরি শেষে বাড়ি ফিরে ছোট ভাইকে নিয়ে একটি কক্ষে ঘুমিয়ে পড়েন।
রাত আনুমানিক ১টার দিকে ছোট ভাই ঘরের ভেতর বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে কিশোরীকে উদ্ধারের চেষ্টা করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে পরিবার ও স্থানীয়রা জানান।
কী কারণে কিশোরীর মৃত্যু হয়েছে বা তিনি কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পরিবার ও সহকর্মীদের কাছ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।খবর পেয়ে সোমবার সকালে বেতাগী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।