ঢাকার সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় আলিয়া মাদ্রাসা রোডে অবস্থিত ক্লথিং কার্নিভালস লিমিটেড-এর শ্রমিক-কর্মচারীরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে টানা ১৯ দিন ধরে দিন-রাত অনশন কর্মসূচি পালন করছেন।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, তাদের তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ, বন্ধ কারখানা পুনরায় চালু, মামলা-হামলা ও হয়রানি বন্ধ এবং শ্রমিকদের সঙ্গে সংশ্লিষ্ট সমস্যার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
শ্রমিকদের অভিযোগ, কারখানার মালিক ইসমাইলের বিরুদ্ধে আন্দোলনরত শ্রমিকদের মারধরের হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে। এতে তারা নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে রয়েছেন বলে দাবি করেছেন।
অনশনরত শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। দ্রুত তাদের পাওনা পরিশোধ এবং কারখানা চালুর মাধ্যমে সমস্যার সমাধানের দাবি জানান তারা।
শ্রমিকরা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন ও অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে, মালিক ইসমাইলের বিরুদ্ধে ওঠা হুমকি ও হয়রানির অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা যথাযথভাবে তুলে ধরা হবে।