পটুয়াখালীর রাঙ্গাবালীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ, শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর ফিশনেট প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থায়নে আয়োজিত কর্মসূচির শুরুতে উপজেলার খালগোড়া খালে বিভিন্ন প্রজাতির বিলুপ্তপ্রায় পোনা মাছ অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্ত করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা.) মো. জহিরুননবী। এ সময় বিপিসি কমিটির সভাপতি, পানি কমিটির সভাপতি, নেটওয়ার্কের সভাপতি, উত্তরণ ফিশনেট প্রকল্পের মেরিন অফিসার আশিকুর রহমান, এরিয়া ম্যানেজার শেখ রুসায়েদ উল্লাহসহ স্থানীয় মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে আমলিবাড়িয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা.) মো. জহিরুননবী ও উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) অনাদি কুমার বাহাদুর উপস্থিত ছিলেন। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ এবং উত্তরণ ফিশনেট প্রকল্পের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মৎস্যসম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।