দলের তৃণমূল পর্যায়কে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এবং তৃণমূল নেতাকর্মীদের জন্য দলের আগামী দিনের করণীয় নির্ধারণে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এক বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে রংপুর বিভাগের তিন জেলা—দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।
শনিবার (১৮ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সভা শুরু হয়। উক্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় রংপুর বিভাগের অন্যান্য শীর্ষস্থানীয় ও গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব সাদিক রিয়াজ পিনাক চৌধুরীসহ দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ।
সভায় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ডকে আরও বেগবান করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দকে উদ্দেশ্যে করে দলীয় চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেন, তৃণমূলই হচ্ছে দলের মূল চালিকাশক্তি। তাই তৃণমূল পর্যায়কে যেকোনো মূল্যে সুসংগঠিত ও শক্তিশালী রাখতে হবে। জনগণের দোরগোড়ায় সরকারের উন্নয়ন ও দলের আদর্শ পৌঁছে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় রংপুর বিভাগের তিনটি জেলার সাংগঠনিক অবস্থা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং তৃণমূলের নেতাকর্মীদের সুযোগ-সুবিধা ও তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।