গত ২ জুন, ২০২৬ ইং মঙ্গলবার। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের আটগ্রাম পূর্বপাড়ার একটি ভাড়াটিয়া বাসায় এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক দুই বছর আগে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মগুয়া গ্রামের আবদুল হকের ছেলে মোঃ মমিন হোসেনের সাথে সিলেট বিভাগের গোয়াইনঘাট উপজেলার মনির হোসেনের মেয়ে শাহিনুর আক্তার প্রকাশ মুন্নীর (২০) বিয়ে হয়। উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক থেকে এই বিয়ের ঘটনা উভয় পরিবারের কেউই মেনে নেয়নি। বিয়ের পর থেকে তারা বিভিন্ন স্থানে ভাড়া বাসা থাকতো। প্রেমঘটিত বিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে মুন্নীর সাথে তার পরিবারের মনোমালিন্য চলছিল। সোমবার রাতে মুন্নীর সাথে তার সৎভাইয়ের এমনই কোন মনোমালিন্য চলছিল। একপর্যায়ে সে নিজের বেড রুমের ভিতর থেকে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ে।
নিহতের স্বামী মোঃ মমিন হোসেনও ঘটনাটিকে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক মনে করে এবং পাশের রূমে দরজার লাগিয়ে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার সকালে ঘুম থেকে জেগে উঠে মমিন হোসেন বার বার স্ত্রী মুন্নীকে ডেকে সাড়া না পেয়ে বিষয়টি আশপাশের লোকজনকে জানায়। আশপাশের লোকজন জাতীয় জরুরী সেবা নাম্বার ৯৯৯ এ কল করলে খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে চৌদ্দগ্রাম থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ মোরশেদ আলম। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় উভয় পরিবারের সদস্যদের খরব দেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমন মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টির পাশাপাশি গভীর শোকের আবহ সৃষ্টি হয়।