ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬”। বুধবার (২০ মে ২০২৬) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। আবু সায়েদ
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন দুর্ঘটনা ও দুর্যোগে উদ্ধার কার্যক্রম পরিচালনাকালে আত্মোৎসর্গকারী ফায়ার সার্ভিস সদস্যদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা প্রশাসক তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, দেশের যেকোনো সংকটময় মুহূর্তে ফায়ার সার্ভিস কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করে যাচ্ছেন।
তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের পেশাদারিত্ব, সাহসিকতা, সেবামূলক মানসিকতা ও সততার ভূয়সী প্রশংসা করেন। বক্তব্যে তিনি বলেন, অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুততম সময়ে মানুষের পাশে দাঁড়ান। তাদের নিরলস প্রচেষ্টা ও মানবিক সেবার কারণে অসংখ্য মানুষের জীবন রক্ষা পাচ্ছে।
জেলা প্রশাসক আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে ফায়ার সার্ভিসকে আরও দক্ষ ও যুগোপযোগী বাহিনীতে রূপান্তর করা হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি ফায়ার সার্ভিস সদস্যদের আন্তরিকতা ও ত্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আধুনিক যন্ত্রপাতি, উদ্ধার সরঞ্জাম ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি উদ্ধার কাজে ব্যবহৃত আধুনিক সরঞ্জামের ব্যবহারিক দিক সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্ট সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
“ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬” উপলক্ষে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি, মহড়া, অগ্নিনির্বাপণ প্রদর্শনী ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।