আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেরপুর জেলার ১২ নং কামারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন অত্র ইউনিয়নের ভীমগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যক্তিত্ব ডাঃ গোলাম কুদ্দুস-এর মেজো পুত্র, নূরে আলম সিদ্দিকী। আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি কামারিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চক নাওভাঙ্গা গ্রামের স্থায়ী বাসিন্দা।
সংবাদ সম্মেলনে নূরে আলম সিদ্দিকী তার জীবনবৃত্তান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। পেশাগত জীবনের শুরুতে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। চাকরি শেষে অবসর গ্রহণের পর থেকে তিনি দীর্ঘ সময় ধরে স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।
তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে ইউনিয়নবাসীর সুখে-দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের ভালোবাসা ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করেছে। আমি যদি নির্বাচিত হতে পারি, তবে আমার অভিজ্ঞতার আলোকে অসহায়, সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করব এবং কামারিয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”তিনি ইউনিয়নের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়নবাসীর দোয়া, মূল্যবান সমর্থন এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
তিনি আরও জানান, কামারিয়া ইউনিয়নের প্রতিটি মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই হবে তার মূল লক্ষ্য। তিনি অত্র এলাকার সামাজিক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকায় এলাকার সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সম্যক ধারণা রাখেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়নের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।