চট্টগ্রামের পটিয়া উপজেলায় পুকুরে ডুবে আবদুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাড়ৈকৈড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বিকেলে বাড়ির উঠানে খেলছিল আবদুর রহমান। এ সময় পরিবারের অন্য সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে বাড়ির পাশের পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহত আবদুর রহমান ওমান প্রবাসী মামুন চৌধুরীর একমাত্র সন্তান। একমাত্র সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। এলাকাবাসীর মতে, বাড়ির আশপাশে পুকুর ও জলাশয় থাকলে শিশুদের প্রতি নিবিড় নজরদারি অত্যন্ত জরুরি। সচেতনতার অভাবে এমন দুর্ঘটনা ঘটছে বলে তারা মন্তব্য করেন।