বগুড়া শহরে নকল ও অনিরাপদ তাল মিসরি উৎপাদনের দায়ে ‘মেসার্স আবিদ ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে। বগুড়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শহরের আটাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।
জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, অভিযানকালে আবিদ ট্রেডার্স নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহার করে শিশুখাদ্য হিসেবে তাল মিসরি উৎপাদন করছিল। এছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি, নকল মোড়কে তাল মিসরি বাজারজাতকরণ এবং চানাচুর, সেমাই ও বুন্দিয়া তৈরিতে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে দায় স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ২৩, ২৭, ৩২(গ) ও ৩৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করে। একই সঙ্গে অনিরাপদ শিশুখাদ্য ও সংশ্লিষ্ট উপকরণ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের একটি টিম।