খুলনার খালিশপুরে পুলিশ অভিযান চালিয়ে ৬৯৭ চাল ও সরকারি ১০৭ টি খালি চালের বস্তা সহ আব্দুল আল ফয়সাল (৩৯) নামে একজনকে গ্রেফতার করেছে। গতকাল দুপুরে নগরীর গোয়ালপাড়া কমিউনিটি সেন্টারের পাশে আনিসুর রহমানের বাড়ি থেকে এ চাল জব্দ করা হয়। জব্দকৃত চালের মধ্যে ২৩৭ বস্তা সরকারি( খাদ্য অধিদপ্তরের) চাল রয়েছে। জব্দকৃত চালের বাজার মুল্য প্রায় ৫ লাখ টাকা। গ্রেফতার আব্দুল্লাহ আল ফয়সাল নগরীর বিআইডিসি রোড ক্রিসেন্ট বাজারের মৃত ইউনুস আলীর ছেলে। খলিশপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো: তৌহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে খালিশপুর গোয়ালপাড়ার একটি বাড়িতে ৬৯৭ বস্তা ওএমএসের চাল মজুদ রয়েছে। চাল একস্থান থেকে অন্য স্থানে নেওয়া হবে। এ সংবাদে পুলিশ অভিযান চালায়। তিনি আরো জানান, অভিযানের সময় খাদ্য অধিদপ্তরের লেখা ২৫ কেজি ওজনের ৪৬০ বস্তা ও ৩০ কেজি ওজনের ২৩৭ বস্তা চাল ও ১০৭ টি খালি সরকারি চালের বস্তা উদ্ধার করা হয়। চাল গুলো ওএমএস ডিলার সুমন মল্লিকের বলে জানাগেছে। পুলিশ এ ঘটনায় আব্দুল্লাহ আল ফয়সাল নামে এক ব্যক্তিকে থানায় নিয়ে আসে। পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে আসেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি এ প্রতিবেদকে জানান। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব জানায়, খালিশপুর থানা থেকে খবর দিলে ঘটনাস্থলে যাই। গুদাম হতে ৬৯৭ বস্তা চাল জব্দ করা হয়। চাল গুলো কার তা জানা যায়নি। প্রাথমিকভাবে খাদ্য অধিদপ্তরের চাল বলে হয়। চালের আনুমানিক মুল্য প্রায় ৫ লাখ ৯৮ হাজার টাকা। জেলা খাদ্য বিভাগে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।