কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর আনুমানিক ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও টেকনাফ এবং বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে মহেশখালী থানাধীন ধলঘাটা উত্তর মুহুরি ঘোনা এলাকায় সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে ওই আস্তানায় তল্লাশি চালিয়ে অভিযানিক দল ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত অস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও নৌবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রাখবে।