ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মজিবর মূর্ধা দল থেকে পদত্যাগ করেছেন।
গত সোমবার (১২ জানুয়ারি) বিকেলে তালমা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি আওয়ামী লীগের সকল পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান।
লিখিত বক্তব্যে মজিবর মূর্ধা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ব্যক্তিগত নানা সীমাবদ্ধতার কারণে এ সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত কোনো আবেগ থেকে নয়, বরং বাস্তবতা বিবেচনায় নিয়ে নেওয়া হয়েছে। এ সময় তিনি তার রাজনৈতিক সহযোদ্ধা ও দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পদত্যাগের পর তিনি ভবিষ্যতে রাজনীতির বাইরে থেকে ব্যক্তিগত জীবন ও সামাজিক কর্মকাণ্ডে মনোযোগ দেওয়ার কথা জানান।