সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা উভয়েই ইউনিয়ন পরিষদের সদস্য। মঙ্গলবার রাতে ও বুধবার (১৭ ডিসেম্বর) সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম মোল্লা এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ময়েন আলী।
পুলিশ জানায়, নাশকতার মামলায় অভিযুক্ত হয়ে তারা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “নাশকতার মামলায় অভিযুক্ত হয়ে তারা পলাতক ছিলেন। অভিযান চালিয়ে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।”
তবে গ্রেফতারকৃতদের পরিবারের সদস্যদের দাবি, তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণেই পুলিশ তাদের গ্রেফতার করেছে।