কিশোরগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দলের মুখপাত্র উসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় “উসমান হাদীর ওপর হামলার জবাব চাই” এবং “নির্বাচন বানচালের ষড়যন্ত্র বন্ধ কর”সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতারা অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে বানচাল করতেই পরিকল্পিতভাবে উসমান হাদীর ওপর এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এটি গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র।
বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, প্রশাসনকে অবিলম্বে এর জবাব দিতে হবে। অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।