ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত বৃহত্তর চট্টগ্রামের সাড়ে ৫ হাজার কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের দাবিতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট এলাকায় লোহাগাড়া-সাতকানিয়ার ব্যাংকার পরিবারসহ সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তারা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে চাকরিতে পুনর্বহালের দাবি জানান। মানববন্ধনে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত মিজানুর রহমান, মো. আসাদুল্লাহ ও রাজুসহ একাধিক কর্মকর্তা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আমাদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দেওয়ার পরও ইসলামী ব্যাংকের অবৈধ ম্যানেজমেন্ট আমাদেরকে চাকরিচ্যুত করেছে। আমাদের একটাই অপরাধ ছিল সেটা হচ্ছে আমরা বৃহত্তর চট্টগ্রামের নাগরিক। বর্তমানে আমরা চাকরি হারিয়ে হতাশায় ভুগছি, কারণ আমাদের অনেকেরই চাকরির বয়স চলে গেছে। তাই দ্রুত সময়ের মধ্যে আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য জোর দাবি জানান মানববন্ধনে কয়েক শত চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা অংশগ্রহণ করেন।