ফরিদপুরের নগরকান্দায় স্বামীকে জোরপূর্বক বিষপানে হত্যার অভিযোগে স্ত্রীসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে নিহত লিমন মৃধার পরিবার ও এলাকাবাসী। রোববার বেলা ১১টায় উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামে লিমনের পিতা সারোয়ার মৃধার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সংবাদ সম্মেলনে নিহতের স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীসহ শতাধিক মানুষ অংশ নেন। বক্তারা বলেন, গত ১৩ নভেম্বর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন লিমনকে নির্মমভাবে মারধর করে জোর করে বিষ খাইয়ে রাস্তার পাশে ফেলে যায়। মৃত্যুর আগে মুমূর্ষ অবস্থায় লিমন নিজেই ঘটনার পুরো বিবরণ দেন, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরে ১৬ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লিমনের পিতা সারোয়ার মৃধা অভিযোগ করে বলেন, “২০ নভেম্বর সালথা থানায় হত্যা মামলা দায়েরের পরও এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি। এতে আমরা ভীত–সন্ত্রস্ত ও হতাশ।” স্থানীয় ইউপি সদস্য সোলাইমান বলেন, “এত আলোচিত হত্যাকাণ্ডের পরও আসামি গ্রেফতারে গড়িমসি সাধারণ মানুষের আস্থাকে প্রশ্নবিদ্ধ করছে।”
মাওলানা মুফতী সালাউদ্দিন আয়ুবী বলেন, “ভিডিওতে ঘটনার সত্যতা স্পষ্ট হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো অগ্রগতি নেই। অবিলম্বে দোষীদের গ্রেফতার করা প্রয়োজন।”
এক সাবেক সেনা সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বিচার চাই। প্রশাসন ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।” বক্তারা দোষীদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। তারা বলেন, লিমন হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি নৃশংস ও পরিকল্পিত হত্যা। ন্যায়ের স্বার্থে পুলিশকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।