আবু নাঈম,বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালীতে ৩য় ধাপে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। এতে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করছে ভোটাররা। তবে ৮৩নং শ্রীপুর দরবার দিঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮৩ বছর বয়সী সন্ধ্যা রাণী দে পছন্দের প্রতীক না পেয়ে ভোট না দিয়ে চলে গেলেন।
আজ বুধবার (২৯ মে) বেলা ১২ টা ২০ মিনিটে ভোট দিতে কেন্দ্রে আসেন তিনি। সন্ধ্যা রাণী দে ৬ নং ওয়ার্ড নিশি কারিগরের বাড়ীর মতি লাল দের স্ত্রী।
সন্ধ্যা রাণী দে বলেন, ভোট দিতে এসে কাগজ (ব্যালট) নিয়ে দেখি আমার পছন্দের নৌকা প্রতীক নাই। তাই আর ভোট দেয়নি।
প্রিজাইডিং অফিসার মেহেদী হাসান বলেন, নিজে গিয়ে বৃদ্ধাকে বুঝিয়েছি। তবে ব্যালটে নৌকা প্রতীক না থাকায় তিনি ভোট প্রয়োগ করেননি। এখন পর্যন্ত মোট ২ হাজার ১৩৮ ভোটারের মধ্যে প্রায় চারশত ভোট গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।