ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আহ্বান জানিয়েছেন—কোনোভাবেই যেন পুলিশের মনোবল ভাঙার চেষ্টা না করা হয়।
তিনি বলেন, অভ্যুত্থানের পর ডিএমপি অত্যন্ত ভঙ্গুর অবস্থায় ছিল। দীর্ঘ প্রচেষ্টা, কঠোর পরিশ্রম এবং সবার সহযোগিতায় পুলিশ সদস্যরা মনোবল ফিরে পেয়েছে। তাই এই মনোবল ভাঙার যে কোনো চেষ্টা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।
বৃহস্পতিবার সকালে ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
ডিএমপি কমিশনার সাংবাদিকদের উদ্দেশে বলেন, “গতকাল রাতে আমার একজন অফিসারকে ককটেল নিক্ষেপ করে যেভাবে আহত করা হয়েছে, তা আপনারা দয়া করে নিউজ আকারে প্রকাশ করবেন। একজন নিরপরাধ অফিসার থানার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এভাবে আক্রমণের শিকার হলেন। এতে আমার সদস্যদের মনোবল ভেঙে যায়। এর ক্ষতি আপনাদের ও আমাদের—দু’পক্ষকেই ভোগ করতে হবে।”
দুর্বৃত্তায়িত কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনা যদি চলতেই থাকে, তবে জনগণকেই নিজেদের ঘরবাড়ি পাহারা দিতে হবে।”
এর আগে, ১৬ নভেম্বর এক বেতার বার্তায় ককটেল নিক্ষেপ বা গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করলে গুলি করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার। এ বিষয়ে তিনি বলেন, “নাশকতা করলে গুলি করার বিধান পুলিশ আইনেই আছে। ককটেল মেরে নাশকতা করলে কঠোর আইন প্রয়োগের নির্দেশনা রয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, পুলিশ যখন অরাজকতা ঠেকানোর চেষ্টা করছিল, তখন অফিসারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। তিনি অনুরোধ করে বলেন, “আমার অফিসারদের সঙ্গে এ ধরনের আচরণ করবেন না।”