বরিশাল জেলার মুলাদী থানাধীন চরকালেখাঁন ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম প্রান্তে জয়ন্তী নদীর ভাঙ্গন প্রতিরোধে দারুল আরকাম নূরানী হাফেজী কওমী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ (এ.বি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
নদী ভাঙ্গন প্রতিরোধে করণীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন —
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জি. এম. রাব্বী (কেন্দ্রীয় নেতা, এ.বি পার্টি), সুজন তালুকদার, ড. মোঃ মাসুম বিল্লাহ, আঃ আজিজ সর্দার, দুলাল আহম্মেদ ঢালী, মাস্টার সিরাজুল ইসলাম সিকদার, মাইনুল ইসলাম রাসেল, জাকির রারি, মিজান মোল্লা, ওয়াহিদুর রহমান আক্তার, আবু তাহের সর্দার ও সিয়াম হাওলাদার প্রমুখ।
ব্যারিস্টার ফুয়াদের উদ্যোগ, সহানুভূতিশীল নেতৃত্ব ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ইতিমধ্যে নদীতীরে ৩৫৫ মিটার এলাকায় জিও ব্যাগ স্থাপনের কাজ চলমান। এ জন্য এলাকাবাসী ব্যারিস্টার ফুয়াদ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
তবে, নতুন করে ঢালীবাড়ি লঞ্চ ঘাট থেকে আলমগীর সিকদার বাড়ি রাস্তার মাথা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় তীব্র নদী ভাঙ্গন শুরু হয়েছে।
এছাড়াও, দারুল আরকাম নূরানী হাফেজী কওমী মাদ্রাসা ও এতিমখানা থেকে আঃ আজিজ সর্দার বাড়ির সামনের রাস্তার মাথা পর্যন্ত আরেক কিলোমিটার এলাকায় নতুন করে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, অতি দ্রুত পদক্ষেপ না নিলে বসতবাড়ি, গলইভাঙ্গা বাজার, নমর হাট বাজার, রাস্তা, স্কুল, ইউনিয়ন পরিষদ কার্যালয় ও স্বাস্থ্য কমপ্লেক্স নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
এমতাবস্থায় এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডের কাছে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এবং নদীভাঙ্গন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য ব্যারিস্টার ফুয়াদের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন।