চট্টগ্রাম-১১(ইপিজেড–হালিশহর–পতেঙ্গা) আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে। এলাকাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা, উঠান বৈঠক ও জনসংযোগ কার্যক্রম। এরই অংশ হিসেবে শুক্রবার বিকেলে ইপিজেড থানাধীন ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের আকমল আলী খালপাড় এলাকায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শফিউল আলমের সমর্থনে এক উঠান বৈঠক।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতের আমীর ওসমান গনি। তিনি বলেন, “জামায়াত আজ জনগণের আশা ও বিশ্বাসের প্রতীক। দলটি ক্ষমতায় এলে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত হবে।”
বিশেষ অতিথি মাওলানা মোজাম্মেল হক বলেন, “শফিউল আলম কেবল প্রার্থী নন, তিনি নৈতিক নেতৃত্বের প্রতীক। জনগণের কল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য।”স্থানীয়রা জানান, এ এলাকার ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট ও জলাবদ্ধতা সমস্যা দীর্ঘদিনের। শিল্পাঞ্চল হলেও স্থানীয়রা কর্মসংস্থানে বঞ্চিত। তাই জনগণ এখন পরিবর্তন চায়— এমন একজন প্রতিনিধি, যিনি প্রকৃত অর্থে সেবা করবেন।
শফিউল আলম বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, দায়িত্বের বিষয়। জনগণের উন্নয়নই আমার অঙ্গীকার।”
তিনি শিক্ষা, কর্মসংস্থান, দুর্নীতি দমন ও অবকাঠামো উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
বৈঠকের শেষে উপস্থিত শতাধিক জনতা হাত তুলে শপথ নেন— “আমরা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হব, ন্যায়ের পথে হাঁটব, সৎ নেতৃত্বের পাশে থাকব।”রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চট্টগ্রাম-১১ আসনটি শিল্প ও মধ্যবিত্ত শ্রেণিভিত্তিক এলাকা। তরুণ ভোটাররাই এখানে নির্ণায়ক ভূমিকা রাখবে।
সভা শেষে সভাপতি ওসমান গনি বলেন, “এই বৈঠক শুধু রাজনীতি নয়, এটি জনগণের চেতনার জাগরণ।”জনগণের কণ্ঠে এখন স্লোগান—“ভোট চাই ন্যায়ের, উন্নয়নের— শফিউল আলমের পক্ষে।”