সিংগাইরে আঞ্চলিক মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।
অভিযানে সহযোগিতা করেন সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) স্বপন কুমার সরকার, এসআই মো. রেজাউল হক, ধল্লা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) আবু তাহেরসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধল্লা ফাঁড়ি সংলগ্ন জায়গায় স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে দোকানঘর স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে নিয়মিত যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল।
বিষয়টি প্রশাসনের নজরে আসার পর তাকে একাধিকবার স্থাপনা সরানোর জন্য নোটিশ প্রদান করা হয়। কিন্তু নির্দেশনা উপেক্ষা করায় বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করে দোকানঘর ভেঙে ফেলা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন,
“সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করায় তা উচ্ছেদ করা হয়েছে। যারা সরকারি সম্পত্তি, নদী বা খাল দখলের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে নিয়মিত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।”