মানিকগঞ্জে পৃথক তিনটি ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় এবং একজন কৃষক বিষক্রিয়ায় প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
গত শনিবার (১৮ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গী ও জাগীর এলাকায় এবং সদর উপজেলার পাছ বারইল গ্রামে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে বিকেল সোয়া পাঁচটার দিকে নয়াডিঙ্গী এলাকায়। সেখানে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মীর তানভীর হোসেন অনিক (২৬) নিহত হন। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার নালী গ্রামের মীর শাহাদাৎ হোসেনের ছেলে। দুর্ঘটনার সময় অনিক মোটরসাইকেলযোগে ঢাকায় যাচ্ছিলেন।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে সন্ধ্যা সোয়া সাতটার দিকে জাগীর ব্রীজের ওপর। সেখানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মারুফ (২৮) ঘটনাস্থলেই মারা যান। তিনি সদর উপজেলার গিলন্ড গ্রামের বাসিন্দা এবং মানিকগঞ্জের বিসিক শিল্প এলাকার অনিক ট্রিমস প্রিন্টিং প্রেসের কর্মচারী ছিলেন। ডিউটি শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা রুবেল নামের আরেক ব্যক্তি আহত হন।
অপরদিকে, দুপুরে সদর উপজেলার পাছ বারইল গ্রামের কৃষক আব্দুল বারেক (৪৫) নিজের জমিতে কীটনাশক ছিটানোর সময় বিষক্রিয়ায় আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বারেক ওই গ্রামের মুল্লুক চানের ছেলে।
গোলড়া হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে সুরতহালের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও কাভার্ডভ্যানটি পালিয়ে গেছে, তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, কীটনাশক বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।