মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে ২৪ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ১০ জনকে ১৬ দিন এবং ১৪ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে ২০ হাজার মিটার জাল জব্দ ও ২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।
গত শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলা মৎস্য অফিস, প্রশাসন ও নৌপুলিশের যৌথ অভিযানে এসব জেলে আটক হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ মাছ দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে গোপনে পদ্মা নদীর বিভিন্ন স্থানে ইলিশ শিকার করে আসছিলেন। মাছ ধরা বন্ধে নিয়মিতভাবে উপজেলা মৎস্য অফিস, প্রশাসন ও নৌপুলিশের যৌথ টিম অভিযান পরিচালনা করে।
শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাত পর্যন্ত ২৪ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।”
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান বলেন, “নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ ধরলে ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান চলবে। পাশাপাশি অস্থায়ী ইলিশের হাট উচ্ছেদে বড় পরিসরে অভিযান পরিচালনা করা হবে।”