এক সময় ইউরোপিয়ান ফুটবলের সেরা ডিফেন্ডারদের তালিকায় ছিলেন তিনি। তবে চোটের কারণে নিয়মিত মাঠে নামাই হয়ে পড়েছিল দায়। শেষ মৌসুমে ফরাসি ক্লাব লিল ছাড়ার পর নতুন ক্লাব খুঁজছিলেন উমতিতি। কিন্তু চোটপ্রবণতার কারণে কোনো দলের সঙ্গে চুক্তি করতে পারেননি। তাই মাত্র ৩১ বছর বয়সেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় অবসরের সিদ্ধান্ত জানান বার্সেলোনার সাবেক এই তারকা। ইনস্টাগ্রামে উমতিতি লিখেছেন, “চড়াই-উতরাইয়ে ভরা দুর্দান্ত একটি পেশাদার জীবনের পর, এবার বিদায় জানানোর সময় এসে গেছে… আমি সর্বস্ব দিয়ে খেলেছি, ভালোবাসা দিয়েছি, কোনো আফসোস নেই।” নিজের ক্লাবগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “ধন্যবাদ লিঁও, ধন্যবাদ বার্সেলোনা, ধন্যবাদ লিল, ধন্যবাদ লেচে, ধন্যবাদ ফ্রান্স এবং ধন্যবাদ সমর্থকদের। তোমাদের ভালোবাসা ও সমর্থনই ছিল আমার শক্তি।”
১৩ বছরের ক্যারিয়ারে বার্সেলোনার জার্সি গায়ে খেলেছেন ৭ বছর। ২০১৬ সালে লিঁও থেকে কাতালান ক্লাবে যোগ দেন তিনি। সেখানে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি চোট আর অফফর্মও ছিল সঙ্গী। ২০২২ সালে চার বছরের চুক্তি নবায়ন করলেও ধারে লেচেতে পাঠানো হয় তাকে। পরে আবারও বার্সায় ফিরলেও চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ক্লাব ছাড়তে হয়। এরপর লিলে যোগ দেন, তবে শেষ দুই মৌসুমেই ছিলেন মাঠের বাইরে। ফরাসি লিগের গত মৌসুমে এক ম্যাচেও মাঠে নামতে পারেননি এই ডিফেন্ডার।
বার্সেলোনার হয়ে ১৩৩ ম্যাচ খেলেছেন উমতিতি। ঘরোয়া ফুটবলে জিতেছেন দুইটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও দুইটি স্প্যানিশ সুপার কাপ। জাতীয় দলের জার্সিতে খেলেছেন ৩১ ম্যাচ। তার ক্যারিয়ারের সেরা অর্জন ছিল ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জয়। সেই টুর্নামেন্টে সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে তার গোলেই ফাইনালে পৌঁছায় ফ্রান্স।