পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের মধ্য ইসলামপুরের এক মুক্তিযোদ্ধার পারিবারিক কবরস্থান নিয়ে দখলবাজির অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাব খাটিয়ে কবরস্থানের প্রাচীর ভেঙে গাছপালা কেটে বিক্রি এবং জমি দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন (৭৩)।
গত (১১ সেপ্টেম্বর) এ ঘটনায় মুক্তিযোদ্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ডাংগা ইউনিয়নের ইসলামপুর এলাকায় তাদের পারিবারিক কবরস্থানের বি আর এস দলিল অনুযায়ী জমি বহু বছর ধরে ভোগদখলে আছে। কিন্তু তার চাচাতো ভাইয়ের ছেলে সাইদুল হক টুনু প্রভাব খাটিয়ে সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং করই ও মেহগনি জাতের গাছপালা কেটে প্রায় ৪০ হাজার টাকায় বিক্রি করে দেয়।
অভিযোগে আরও বলা হয়, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন প্রতিবাদ করলে তাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বলেন,
“আমার বাবা জীবিত থাকতেই কবরস্থানের এই জমি আমাদের নামে রেজিস্ট্রি করে দিয়েছিলেন। খাজনা-খারিজসহ সব কাগজপত্র আমাদের নামে রয়েছে। এখানে আমার বাবা-দাদার কবর আছে। অথচ সেই কবরস্থানেই ভাঙচুর করে গাছ কেটে বিক্রি করেছে টুনু। এখন আবার দখলেরও চেষ্টা করছে।”
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, মুক্তিযোদ্ধার কবরস্থান দখলের অপচেষ্টা কেবল অনৈতিকই নয়, এটি মুক্তিযোদ্ধার মর্যাদাকেও কলঙ্কিত করছে।