মানিকগঞ্জ সদর উপজেলার মহেশপুর গ্রামে অভিযোগ তদন্তে গিয়ে তিন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন—সদর থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন, কনস্টেবল সুজন মিয়া ও সাইফুল হোসেন।
এসআই কামাল হোসেন গুরুতর আহত হয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন। তার বাম হাতের শাহাদাৎ আঙুল, নাক ও মুখের বাম দিক, বুকে এবং বাম পায়ে আঘাত লেগেছে। অন্য দুই কনস্টেবলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
থানা সূত্রে জানা যায়, মহেশপুর গ্রামের মঙ্গল হোসেন (৮০) তার ছেলে গিয়াস উদ্দিনের (৫৩) বিরুদ্ধে ভরণপোষণ না দেওয়া ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগ যাচাই করতে এসআই কামাল হোসেন দুই কনস্টেবলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান।
পুলিশের উপস্থিতিতে বৃদ্ধের ছেলে গিয়াস উদ্দিনের সঙ্গে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে গিয়াস উদ্দিন ও তার পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। খবর পেয়ে সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে গিয়াস উদ্দিন ও তার ছেলে রনি মিয়াকে (১৮) আটক করে থানায় নিয়ে যায়।
আহতদের মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জানান, এসআই কামাল হোসেন নাকে আঘাত পেয়েছেন এবং অন্য দুই কনস্টেবল সুস্থ আছেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন,
“অভিযোগ তদন্ত করতে গিয়ে তিনজন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। ঘটনায় জড়িতদের আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।”