জয়পুরহাট জেলার খনজনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় একদিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে এলাকার শত শত মানুষ বিভিন্ন ধরনের চিকিৎসা সুবিধা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে গ্রহণের সুযোগ পান।
চিকিৎসা ক্যাম্পে সেনাবাহিনীর দক্ষ চিকিৎসক দল সাধারণ রোগব্যাধি, চোখ, শিশু, গাইনি ও হৃদরোগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়াও স্থানীয় জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরামর্শ প্রদান করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা সবাই সেনাবাহিনীর এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা অনেকেই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকি। আজকের এই ক্যাম্প আমাদের জন্য অনেক উপকারে এসেছে। সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ।”
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের চিকিৎসা ক্যাম্প ভবিষ্যতেও চলমান থাকবে।