শুধু টাকা চাই—এই নির্মম লোভের বলি হলো এক শিশু। বন্ধুর হাতেই প্রাণ গেল তার। আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে নিখোঁজ হওয়া শিশু জীবন (৯)–এর লাশ উদ্ধার হয়েছে গলাকাটা মোড় এলাকার এক নির্জন স্থান থেকে। এ ঘটনায় অভিযুক্ত জীবনের ‘বন্ধু’ রাব্বানীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, গত ১০ জুলাই বিকেলে জীবন নিখোঁজ হয়। এরপরই শিশুটির বাবা মজিবুর রহমানের কাছে অজ্ঞাতনামা ব্যক্তি ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরদিন ১১ জুলাই তিনি আশুলিয়া থানায় একটি অপহরণ ও চাঁদাবাজির মামলা করেন।
মামলার তদন্তে নেমে পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত রাব্বানীকে শনিবার রাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর রাব্বানী পুলিশের জেরায় হত্যার দায় স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ কাঠগড়ার গলাকাটা মোড়ের এক নির্জন স্থান থেকে জীবনের লাশ উদ্ধার করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, “রাব্বানী ও জীবন বয়সে ভিন্ন হলেও তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। সেই বন্ধুত্বই শেষ পর্যন্ত রক্তাক্ত হলো টাকার লোভে। ৫০ হাজার টাকার জন্যই জীবনকে অপহরণ করে হত্যা করে রাব্বানী।”
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত রাব্বানীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই নির্মম ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে। অভিভাবকরা এমন ঘটনার কঠোর বিচার দাবি করেছেন।