মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নে পরকীয়ার অভিযোগে সিরাজুল ইসলাম মুনজেল (৪৫) নামের এক বিএনপি নেতাকে এলাকাবাসী আটক করে গাছে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। ১১ জুলাই)দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার চর দেশগ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
আটককৃত সিরাজুল ইসলাম মুনজেল ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক এবং গালা এলাকার মৃত শিরজন আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে ছিলেন। ঘটনার রাতে ওই নারীর ঘরে প্রবেশ করলে এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলে এবং গাছের সঙ্গে বেঁধে রাখে।
এ বিষয়ে ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু জানান, “স্থানীয়রা দুজনকেই আটক করে এবং উভয়ে অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন। ওই নারীর প্রবাসী স্বামীও তাকে আর গ্রহণ করতে রাজি নন। তবে অভিযুক্ত দুজন বিয়েতে রাজি হওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।”তিনি আরও জানান, ঘটনার পরপরই স্থানীয় থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হন। দলীয়ভাবে সিরাজুল ইসলাম মুনজেলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এ ঘটনা নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক মূল্যবোধ ও রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্র নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।