নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে চাঁদা না পেয়ে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় অন্তত ৭ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানার ড্রেজারে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও কারখানাটির কর্তব্যরত কর্মকর্তা জানান, দুপুর ১২টার দিকে নদী পথে দুটি ট্রলারে করে ২৫ থেকে ৩০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে নির্মাণাধীন কারখানার ড্রেজারে হঠাৎ আক্রমণ চালায়। তারা শ্রমিকদের থাকার ৬টি কক্ষে ঢুকে তাণ্ডব চালায়, ভাঙচুর করে আসবাবপত্র, ল্যাপটপ, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। বাধা দিতে গেলে ৭ শ্রমিককে পিটিয়ে আহত করা হয়। পরে হামলাকারীরা ট্রলারে করেই এলাকা ত্যাগ করে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পলাশ থানা পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর একটি দল। তারা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নির্মাণাধীন কারখানাটির সহকারী মহা ব্যবস্থাপক (প্রশাসন) মাহবুব রহমান বলেন, “২০২২ সাল থেকে কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের নির্মাণ কাজ শুরু হয়েছে। এখানে ঘন্টায় ২৫০ মেট্রিক টন সিমেন্ট উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। কিন্তু দীর্ঘদিন ধরেই কিছু স্থানীয় সন্ত্রাসী চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় আজ তারা এ হামলা চালায়। এতে শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।”
এ বিষয়ে পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শ্রমিক ও কর্মকর্তারা জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।