দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭ নং দাউদপুর ইউনিয়নের সিরাজ বালুয়া পাড়া গ্রামে করতোয়া নদী থেকে বালু উত্তোলনের ফলে গ্রামবাসীর বসতবাড়ি চরম হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বালু উত্তোলনের ফলে নদীভাঙনের আশঙ্কা তীব্র হচ্ছে এবং এতে তাদের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
গ্রামবাসীর পক্ষে কথা বলতে গিয়ের মোঃ শাজাহান মন্ডল বলেন “আমার বাড়িটি একেবারে নদীর পাশে। এভাবে বালু তোলা হলে আমার ঘরবাড়ি নদীগর্ভে চলে যাবে। আমরা খুবই আতঙ্কে দিন কাটাচ্ছি।” শ্রীমতি সুচনা রানী বলেন, “এখান থেকে বালু তোলা একেবারেই ঠিক নয়। দূর কোনো স্থান থেকে বালু নিয়ে এসে ব্লকের কাজ করা হোক। নাহলে আমাদের বাড়িঘর নদীতে তলিয়ে যাবে।”
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, দিন-রাত বালুবাহী ট্রাক চলাচলের কারণে শুধু নদীভাঙন নয়, পাশাপাশি এলাকায় ধুলাবালু ও শব্দ দূষণ বেড়েছে, নষ্ট হয়েছে গ্রামীণ রাস্তাঘাটও। অন্যদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, করতোয়া নদীর ব্লকের নির্মাণ কাজের জন্যই বালু উত্তোলন করা হচ্ছে। তবে এলাকাবাসীর দাবি, এই কাজ যথাযথ পরিকল্পনা এবং সুরক্ষা ব্যবস্থা ছাড়া করা হচ্ছে, যা জনজীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
গ্রামবাসীরা দ্রুত বালু উত্তোলন বন্ধ এবং নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের কাছে।