নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে তিনজন ব্যবসায়ীর গোদাম থেকে দুস্থ নারীদের জন্য বরাদ্দকৃত ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) প্রকল্পের ১৫৭ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ মুহাইমিন আল জিহান ও সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে ব্যবসায়ী মিয়ার উদ্দিন, সাখাওয়াত হোসেন ও জাকারিয়ার গোদাম থেকে এসব চাল জব্দ করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ভিজিডি প্রকল্পের আওতায় উপজেলার ১২টি ইউনিয়নের হতদরিদ্র নারীদের প্রতি মাসে ৩০ কেজি করে একটি করে চালের বস্তা দেওয়া হয়। গতকাল সোমবার একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণ চলাকালে কার্ডধারীদের বরাদ্দকৃত কিছু চাল কেনাবেচার তথ্য গ্রাম পুলিশের নজরে আসে। পুলিশের তৎপরতায় ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।
এ বিষয়ে উপজেলা প্রশাসনকে জানানো হলে, তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে যান এবং কিছু সময় পর ইউএনও নিজেও অভিযানে অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মিয়ার উদ্দিনের গোদাম থেকে ৭০ বস্তা, সাখাওয়াত হোসেনের গোদাম থেকে ৩৯ বস্তা এবং জাকারিয়ার গোদাম থেকে ৩২ বস্তা চাল উদ্ধার করা হয়।
উদ্ধার করা চালের মধ্যে ৫০ কেজির ১০৪ বস্তা ও ৩০ কেজির ৫৩ বস্তা ছিল। সর্বমোট ৬,৭৯০ কেজি চাল জব্দ করা হয়েছে।
ইউএনও এম.এ মুহাইমিন আল জিহান বলেন, “উদ্ধার করা চাল সরকারি গুদামের, যা ভিজিডি প্রকল্পের জন্য নির্ধারিত। এসব চাল কেনাবেচা আইনগত অপরাধ। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”