নরসিংদীর পলাশ উপজেলা পরিষদের সভাকক্ষে ২৪ মে সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুবক্কার ছিদ্দিকীর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, ইভটিজিং প্রতিরোধ ও বিশেষ করে বাল্যবিবাহ রোধে কার্যকর ভূমিকা রাখার ওপর জোর দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল রাশিদি, উপজেলা পিআইও কাওসার আলম সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা।
সভাপতির বক্তব্যে ইউএনও আবুবক্কার ছিদ্দিকী বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ফেলছে। জন্ম নিবন্ধন করার সময় বয়স সঠিকভাবে যাচাই না করে নিবন্ধন সম্পন্ন করার ফলে অপ্রাপ্তবয়স্ক মেয়েরা গর্ভধারণ করছে—এটি অত্যন্ত উদ্বেগজনক। যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, তাদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”
তিনি আরও বলেন, “উপজেলার প্রতিটি নাগরিক যেন নিরাপদে বসবাস করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এজন্য প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”
সভায় আরও উল্লেখ করা হয়, মাদক ও ইভটিজিং সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। এসব অপরাধ রোধে কঠোর অবস্থানে যেতে হবে এবং প্রতিটি ইউনিয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা তাদের এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে মতামত প্রদান করেন।
সভা শেষে আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ গ্রহণ করা হয়। উপস্থিত সদস্যরা উপজেলা প্রশাসনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশ্বাস দেন।
এ সভা পলাশ উপজেলার উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।