মোঃরবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনায় পুলিশের তালিকা ভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিতুসহ ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। আজ ৪ ফেব্রুয়ারী সকালে নগরীর সঙ্গীতা সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন তালিকা ভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাকিবুর রহমান ওরফে জিতু জাহাঙ্গীর হোসেন মিয়া, শাওন ও সোহেল রানা ওরফে উজ্জল শেখ।খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি) অতিরিক্ত কমিশনার কুতুবউদ্দিন জানান, তালিকা ভুক্ত এসব সন্ত্রাসীকে গ্রেফতারের জন্য দীর্ঘ দিন ধরে অভিযান চলছে।গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তিনি জানান, সন্ত্রাসী জিতুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি,দস্যুতা,চাঁদাবাজি,বিস্ফোরক আইন, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদক মামলা সহ ১৪ টি মামলার তথ্য পাওয়া গেছে। সন্ত্রাসী জাহাঙ্গীরের বিরুদ্ধে ১ টি হত্যা মামলা সহ ১০ টি মামলা রয়েছে। যার মধ্যে একটি মামলায় সে যাবৎ জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত।শাওনের বিরুদ্ধে ২ টি হত্যা মামলা সহ ৬ টি মামলা এবং সোহেলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ৯ টি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরো মামলা আছে কিনা যাচাই – বাছাই করা হচ্ছে।