মোঃ রবিউল হোসেন খান , খুলনা ব্যুরো : নিরাপদ খুলনা গড়ার প্রত্যয়ে কেএমপির ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আইন শৃংখলার উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রন,সর্বপরি নিরাপদ খুলনা গড়ার প্রত্যয়ে বিভিন্ন পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ ( কেএমপি)। ১৯ জানুয়ারী সকাল ১১ টায় কেএমপির সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ কেএমপি কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার এ পরিকল্পনার কথা বলেন। প্রেস ব্রিফিং এ কেএমপির চলমান অভিযানের সফলতা তুলে ধরা হয়। অপরাধ কমাতে নাগরিক সচেতনতা সৃষ্টিতে সকল পেশার মানুষদের সাথে মতবিনিময়, বিভিন্ন মোড়ে যৌথ চেক পোস্ট স্থাপন, ক্রাইম স্পট গুলোতে বিকাল থেকে রাত ১০ টা পর্যন্ত অভিযান, ১২ জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতারে পুরস্কার ঘোষণা সহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কেএমপি কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার বলেন,খুলনা গড়ার লক্ষ্য ভবিষ্যত পরিকল্পনার মধ্যে রয়েছে ” এ্যাওয়ারনেস কার্ড ” বিতরন।এ কার্ডের মাধ্যমে প্রতিটি নাগরিক নিজের থেকেই নিরাপত্তা নিশ্চিতে সজাগ থাকবে।সিসিটিভি ক্যামেরা স্থাপনে নাগরিকদের উৎসাহ করা,ইজিবাইক চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, ম্যারাথন রেস/ দ্রুত হাটা প্রতিযোগীতা এবং শিশু কিশোরদের সাথে পুলিশের সম্পর্ক উন্নয়নে ২১ ফেব্রুয়ারী হাতের লেখা আয়োজন করা। সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সালেহ মো: রায়হান,অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ কুতুবউদ্দিন ও ডিসি সাউথ মো: মনিরুজ্জামান মিঠু সহ কেএমপির বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।