মোঃ শাহারিয়া আহমেদ সোহেল, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে মারিশ্যা জোন। ৩ ডিসেম্বর মঙ্গলবার খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মারিশ্যা জোন ২-১ গোলে মহালছড়ি জোনকে পরাজিত করে শিরোপা জিতে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন: খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়। রানার্সআপ দল পেয়েছে ট্রফি ও নগদ ৫০ হাজার টাকা। এছাড়া সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে ক্রেস্ট প্রদান করা হয়। বিশেষ সম্মাননা অনুষ্ঠানে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবলার মনিকা চাকমা এবং জাতীয় অনূর্ধ্ব-২০ দলের গোলরক্ষক মোহাম্মদ আসিফকে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে সম্মাননা স্মারক এবং নগদ অর্থ উপহার দেওয়া হয়।