আমানউল্লাহ, বগুড়াঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’ এর উদ্বোধন করা হয়। উদ্বোধনে অংশগ্রহণ করেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল। রোববার (১০ নভেম্বর) সকালে হেলিকপ্টারে করে ঢাকা থেকে বগুড়া পৌঁছান তামিম এবং আশরাফুল। তাদেরকে এক নজর দেখতে ভক্তদের মধ্যে উপচেপড়া ভীড়। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে আরও অংশ নেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক।
উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন রাজশাহী সবুজ এবং রাজশাহী লাল দল। হাজারো দর্শকের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। দীর্ঘদিনপর স্টেডিয়ামে খেলা দেখতে পেয়ে দর্শকদের মধ্যে ছিলো ব্যাপক উন্মাদনা।
২০০৬ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। দীর্ঘ প্রায় ১৮ বছর পর শহীদ চান্দু স্টেডিয়ামে তারকা খেলোয়াড়দের অংশগ্রহণে যেন আবারো নতুন করে যৌবন ফিরে পায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম।