বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে প্রাথমিক ভাবে সন্তোষজনক বলে জানিয়েছেন তারা।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশনের একটি বিশেষ এনফোর্সমেন্ট টিম বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর কার্যালয়ে এই অভিযান পরিচালনা করে।
দুর্নীতি দমন কমিশনের বিশেষ এনফোর্সমেন্ট টিমটি বান্দরবান সদরের কুহালং ইউনিয়নের বাকীছড়া পাড়ায় যায় এবং সেখানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। উক্ত স্থান গুলোতে উপকারভোগীরা পানি পাচ্ছে এমনটা দেখা যায়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক আবদুল আল নোমান বলেন, বান্দরবানে কয়েকটি প্রকল্প আমরা দেখেছি যা সন্তোষ জনক মনে হয়েছে। আমরা রেন্ডমলি আরো প্রকল্প দেখে বুঝতে পারবো কাজের সাথে বাস্তবতার মিল আছে কিনা।
এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী অনুপম দে বলেন, জনস্বাস্থ্য প্রকৌশলের মাধ্যমে বাস্তবায়িত প্রকল্পের দ্বারা অনেক মানুষের উপকার হয়েছে। আমরা দুদককে সহযোগিতা করছি এবং বাস্তবায়িত প্রকল্পগুলো দেখাচ্ছি।