চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন থানায় একযোগে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) চাঁদপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলার চাঁদপুর সদর মডেল থানা, হাইমচর থানা, হাজীগঞ্জ থানা, ফরিদগঞ্জ থানা, মতলব উত্তর থানা, মতলব দক্ষিণ থানা, শাহরাস্তি মডেল থানা ও কচুয়া থানায় পৃথকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাদকবিরোধী র্যালিতে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আয়োজিত সচেতনতামূলক সভায় মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাদকাসক্তি প্রতিরোধ, মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজের ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।