মাঠ পর্যায়ের প্রশাসনের সাথে সরাসরি যোগাযোগের অংশ হিসেবে সারাদেশের ৮৪ জন উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সাথে মতবিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত ৮ আগস্ট (শনিবার) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরল উপজেলার প্রতিনিধিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেজাউল ইসলাম। তিনি প্রধানমন্ত্রীর সামনে বিরলের বিদ্যমান নাগরিক সমস্যা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নানা সম্ভাবনা তুলে ধরেন।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর ইউএনও মো. রেজাউল ইসলাম তার বক্তব্যে বলেন, “দিনাজপুর জেলার বিরল উপজেলা কৃষি ও ব্যবসা-বাণিজ্যে অত্যন্ত সমৃদ্ধ। বিরল স্থলবন্দর ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসার ও জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখার সম্ভাবনা রাখে। পাশাপাশি উপজেলার বিস্তীর্ণ উর্বর কৃষি জমি এ অঞ্চলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে।”
উপজেলার সংকটগুলো চিহ্নিত করে তিনি আরও বলেন, “সম্ভাবনার পাশাপাশি কিছু মৌলিক সমস্যাও রয়েছে। বিরলের কিছু এলাকায় টেকসই যোগাযোগ অবকাঠামো ও কৃষিভিত্তিক শিল্পকারখানার অভাব রয়েছে, সেই সাথে স্থানীয় নদী শাসনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিশেষ দিকনির্দেশনা ও প্রয়োজনীয় বরাদ্দ পেলে বিরল স্থলবন্দরকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব।”
ইউএনও মো. রেজাউল ইসলাম বিরলকে একটি আদর্শ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের এই কর্মকর্তার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। তিনি বিরল উপজেলার সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং স্থানীয় সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহারের নির্দেশ প্রদান করেন।
প্রধানমন্ত্রীর এই আশ্বাসের পর বিরল উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে নতুন আশার সঞ্চার ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।